বালু জব্দের পরই গুলিবর্ষণ, পুলিশের হাতে ইউপি সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় মুখোশধারী অস্ত্রধারীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহমুদুল হাসান মিনার নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার গভীর পাহাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিরছড়া পাহাড়ের ভেতরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এতে ঈদগাঁও থানার পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা, তহশিলদার কোহিনুর এবং উপপরিদর্শক (এসআই) মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা বালুর কাছাকাছি এলাকায় মুখোশ পরা একদল অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ইশারায় অস্ত্রধারীরা এ হামলা চালিয়েছে।
এদিকে কালিরছড়া এলাকার দুর্গম পাহাড়ে প্রায় ২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত দল সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, প্রশাসন সেখানে অভিযান চালাতে গেলে অস্ত্রধারীরা বাধা সৃষ্টি করে এবং হামলার চেষ্টা করে। অতীতেও ওই এলাকায় অপহরণ ও ডাকাতির একাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
ঘটনার পর কালিরছড়া এলাকা থেকে ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারকে আটক করেন ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ।
স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন, সশস্ত্র হামলা এবং পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় প্রশাসন ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।








