বরিশালে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক, বাবাকেও মারধর

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামে এক মাকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে রবিউল ফকিরের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল কৃষিকাজের সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় নিজের বাবাকেও মারধর করেন রবিউল বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।
ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তিনি তাঁর বাবাকেও মারধর করেছেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল তাঁর মায়ের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








