Logo

মোংলা বন্দর ও সুন্দরবনের সম্ভাবনা আটকে আছে বিমানবন্দরহীনতায়

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
মোংলা, বাগেরহাট
২৬ নভেম্বর, ২০২৬, ২০:৫৬
মোংলা বন্দর ও সুন্দরবনের সম্ভাবনা আটকে আছে বিমানবন্দরহীনতায়
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের স্বপ্ন দেখছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তিন দশক ধরে নানা উদ্যোগ, জমি অধিগ্রহণ ও প্রকল্প অনুমোদনের পরও বাস্তবায়িত হয়নি গুরুত্বপূর্ণ এই অবকাঠামো। দীর্ঘদিনের অচলাবস্থায় প্রকল্প এলাকায় এখন দৃশ্যমান বলতে রয়েছে কিছু সীমানা পিলার ও আংশিক ভরাট জমি। তবে নতুন করে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ এবং প্রধানমন্ত্রীর প্রকল্প এলাকা পরিদর্শন ঘিরে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।

বিজ্ঞাপন

মোংলা সমুদ্রবন্দর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বন্দর ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রমে দেশি-বিদেশি মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। কিন্তু দ্রুত আকাশপথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের সম্ভাবনাময় অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশিত গতি পাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁদের মতে, রামপালের ফয়লা এলাকায় আধুনিক বিমানবন্দর নির্মিত হলে মোংলা বন্দর ও ইপিজেডের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, মৎস্য রপ্তানি, বিনিয়োগ এবং স্থানীয় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

প্রাপ্ত তথ্যমতে, ১৯৯৬ সালে প্রথম খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পরিকল্পনায় এটিকে শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (এসটিওএল) বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কথা ছিল। এ জন্য প্রায় ৪১ দশমিক ৩০ হেক্টর জমি অধিগ্রহণ ও আংশিক ভরাট করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে ২০১১ সালের ৫ মার্চ তৎকালীন মহাজোট সরকার বিমানবন্দরটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেয়। এ পর্যায়ে আরও ৬২৬ দশমিক ৬৩ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। একই বছরের জুলাইয়ে পুনরায় কাজ শুরু হলেও জমি অধিগ্রহণ, মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ পুরোপুরি এগোয়নি। একপর্যায়ে প্রকল্পের কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্প এলাকায় কিছু সীমানা পিলার ও ভরাট জমি ছাড়া উল্লেখযোগ্য অবকাঠামোর অস্তিত্ব নেই।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ৫৩৬ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল। এসব জমির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৩১৮ কোটি টাকা। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে অগ্রিম হিসেবে ৪৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল।

পরবর্তী সময়ে পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ অনেক সহজ হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসে বলে জানা যায়। পরে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী খোঁজা হলেও আগ্রহী প্রতিষ্ঠান পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিন ধরে প্রকল্পটি কার্যত অচল অবস্থায় রয়েছে।

বিমানবন্দর হলে খুলবে কর্মসংস্থান ও রপ্তানির নতুন দুয়ার

স্থানীয় শিক্ষিত যুবক আবির হাসান বলেন, মোংলা বন্দর ও ইপিজেড থাকা সত্ত্বেও শুধু দ্রুত যোগাযোগ ব্যবস্থার অভাবে অনেক বড় প্রতিষ্ঠান এখানে আসতে চায় না। বিমানবন্দরটি হলে আমাদের মতো স্থানীয় শিক্ষিত তরুণদের আর কাজের খোঁজে ঢাকায় ছুটতে হবে না; এলাকার অর্থনীতি চাঙ্গা হবে এবং আমাদের কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে।

রামপালের চিংড়ি চাষি ও মাছের আড়ত ব্যবসায়ী মো. মাসুদ রহমান বলেন, "আড়াই যুগ ধরে শুধু সীমানা পিলার আর মাটি ভরাটই দেখে যাচ্ছি। বিমানবন্দর না থাকায় আমাদের উৎপাদিত চিংড়ি ও কাঁকড়া বিদেশে পাঠাতে মধ্যস্বত্বভোগী ও দূরবর্তী বিমানবন্দরের দ্বারস্থ হতে হয়, এতে লাভের বড় অংশই পরিবহনে চলে যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিদেশি বিনিয়োগকারীরা সরেজমিনে জায়গাটি পরিদর্শন করায় আমরা নতুন করে আশার আলো দেখছি। দ্রুত এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মৎস্য খাতে বিপ্লব ঘটবে।"

স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতে, বিমানবন্দর চালু হলে চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমার পাশাপাশি স্থানীয় উৎপাদকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ বাড়বে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD