‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার দুই দিন পর গ্রেপ্তার হয়েছেন বোরহান মাহমুদ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। চেক প্রতারণার মামলায় এক বছরের সাজা হওয়ার প্রায় চার বছর পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার জয়গনর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা হওয়ার পরও তাঁকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন বোরহান।
পদত্যাগের কারণ নিয়ে যা বলেছিলেন বোরহান
দলীয় পদ ছাড়ার ব্যাখ্যায় বোরহান দাবি করেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ আখ্যা দেন। এ ঘটনার প্রতিবাদেই তিনি দলীয় পদ ছেড়েছেন বলে জানান।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে ফেসবুকে এক মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় বোরহান আরও বলেন, কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। একই সঙ্গে ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি।
বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিকদের কাছে একাধিক অভিযোগ করেন। তাঁর দাবি, তিন-চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।
সঞ্জয় সাহার অভিযোগ, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর।
এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও করেন সঞ্জয় সাহা। তাঁর ভাষ্য, সর্বশেষ গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান।
এদিকে বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাঁকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।








