Logo

ছাগল পালনেই ভাগ্য বদল, স্বর্ণপদক পেলেন বিউটি বেগম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ২১:৫১
ছাগল পালনেই ভাগ্য বদল, স্বর্ণপদক পেলেন বিউটি বেগম
ছবি: সংগৃহীত

ছাগল পালন ও প্রজননে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা বিউটি বেগম। নিজ উদ্যোগে ছাগলের খামার ও প্রজনন কেন্দ্র গড়ে তুলে জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিউটি বেগমের হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন।

বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম তোতা মিয়া।

জানা গেছে, স্বামীকে সঙ্গে নিয়ে বাড়িতে তোতাপুরী ও রাম জাতের দুটি ছাগলের পাঁঠা দিয়ে প্রজনন কার্যক্রম শুরু করেন বিউটি বেগম। পরবর্তী সময়ে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’র আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উন্নত জাতের ছাগল যুক্ত করে বাণিজ্যিকভাবে খামার ও প্রজনন কেন্দ্র গড়ে তোলেন তারা। ধীরে ধীরে তাদের উদ্যোগ সফলতা পায়।

বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরে এলে সফল উদ্যোক্তা হিসেবে জাতীয় পর্যায়ে তাদের নাম পাঠানো হয়। পরে সারা দেশের উদ্যোক্তাদের মধ্য থেকে বিউটি বেগম স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বিউটি বেগম মোবাইল ফোনে বলেন, ‘এ পদক আমাকে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে। পুরস্কারের সঙ্গে পাওয়া নগদ অর্থ আমার ছাগলের পাঁঠার খামারের উন্নয়নে কাজে লাগাব।’

ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, ‘সারা দেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাদের মধ্যে ক্ষেতলালের বিউটি বেগম কাজের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক অর্জন করেছেন।’

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD