প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, বিলবোর্ড ভাইরাল

প্রেমিকার অভিমান ভাঙাতে কতজন কত ধরনের উদ্যোগ নেন। কেউ ফুল উপহার দেন, কেউ লেখেন চিঠি। তবে এবার ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়ে শহরে টাঙিয়েছেন একটি বিলবোর্ড।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে বিষয়টি জানা যায়। তবে বিলবোর্ডটি কে বা কারা টাঙিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিলবোর্ডে লেখা বার্তায় প্রেমিক নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ বলে সম্বোধন করে ‘স্যরি’ জানিয়েছেন। ব্যতিক্রমী এই শব্দচয়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস ও কৌতূহল।
বিষয়টি নিয়ে নেটিজেনরাও নানা মন্তব্য করছেন। আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’
শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’








