Logo

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান, বাকি ১২টি অ্যাসেম্বলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
পাবনা
২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৯
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান, বাকি ১২টি অ্যাসেম্বলি
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির চালানটি কেন্দ্রে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত জ্বালানি পরিবহনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে দুটি চালানে নির্ধারিত সংখ্যার চেয়ে ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। বাকি অ্যাসেম্বলিগুলো দেশে পৌঁছানোর পর দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল।

তিনি বলেন, দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অল্প সময়ের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি পরিবহনের কথা ছিল। অন্যদিকে, প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের লক্ষ্যে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

বাকি ১২টি ফুয়েল অ্যাসেম্বলি দেশে পৌঁছালে নির্ধারিত জ্বালানি পরিবহনের কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হবে। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য জ্বালানি সরবরাহের প্রস্তুতিও আরও এগিয়ে যাবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD