মোদিকে খুশি করতে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা: এমপি বাবুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে তৎকালীন শেখ হাসিনা সরকার বায়তুল মোকাররমের সামনে ২৪ জন ধর্মপ্রাণ মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসা আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। অন্যদিকে ক্ষমতাচ্যুতরা বিদেশে আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
যুবদল নেতা মুন্সি ইসারতের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা কারী ইয়াসিন আলী।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। স্থানীয় পর্যায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে ধর্মীয় আলোচনা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।








