Logo

ছাত্রীকে নিয়ে পালিয়ে আত্মগোপনে শিক্ষক, অতঃপর...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৬, ১৩:২৭
ছাত্রীকে নিয়ে পালিয়ে আত্মগোপনে শিক্ষক, অতঃপর...
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই অভিযানে নিখোঁজ ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-১২। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ আভিযানিক দল শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব হোসেন (৩৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, ছাত্রীর প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পরদিন ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

এজাহারে রাজিব হোসেনের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে, এর আগেও একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক মাসের ব্যবধানে তাঁদের দুজনকেই বিচ্ছেদ দেন। বর্তমানে তাঁর আরেকজন স্ত্রী রয়েছেন বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ছাত্রীর নিরাপত্তা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD