Logo

টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৬, ১৩:৪১
টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে দেওয়া এবং সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ৫ হাজার ৮ জন।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে নিউটন মোল্লা ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছিল বিজিবি। এ সময় পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল কার্যক্রমে অংশ নেন বিজিবি সদস্যরা।

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহলদলটি ঘটনাস্থলের দিকে রওনা হয়। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলার সময় বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে মামলায় বলা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

বিজিবির যানবাহনে থাকা সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। এজাহারে এসব ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD