Logo

বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২৬, ১৬:১৪
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে আমেরিকায় তৈরি একটি বিদেশি পিস্তলসহ রনজু সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনজু সরকার ওই এলাকার মিন্টু সরকারের ছেলে। এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রনজুর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে আমেরিকায় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ছাড়া সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মোবাইল ফোন জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রনজু সরকার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসবের পাশাপাশি দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার রনজু সরকার এবং উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD