Logo

জুমার নামাজ শেষে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ নভেম্বর, ২০২৬, ১৬:৪৩
জুমার নামাজ শেষে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর আগেই পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের প্রস্তুতি নেওয়ার পরপরই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে আশপাশের অলিগলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD