রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে সন্দেহজনক ড্রোন, গুলি ছুড়ল বিজিবি

রাঙামাটির বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তবর্তী আকাশে সন্দেহজনক দুটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ড্রোন দুটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে সীমান্তের রাবার বাগানসংলগ্ন আকাশে উজ্জ্বল আলোযুক্ত দুটি ড্রোন উড়তে দেখা যায়। এর মধ্যে একটি ড্রোন সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিষয়টি বিজিবি সদস্যদের নজরে আসে।
এ ঘটনায় সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ড্রোন দুটি ভূপাতিত করার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়েন।
গুলিবর্ষণের পর ড্রোন দুটি গতিপথ পরিবর্তন করে পিছু হটতে শুরু করে। একপর্যায়ে সীমান্ত এলাকা ছেড়ে দূরে সরে যায়। তবে ড্রোন দুটির পরিচয় ও সেগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।








