Logo

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৭ নভেম্বর, ২০২৬, ১৯:২৬
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

বিজ্ঞাপন

নিয়মিত অভিযান চলমান থাকলেও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন।

শুধু নিরাপত্তা তৎপরতা নয়, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জনসচেতনতামূলক সভা আয়োজন করে স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD