Logo

লোডশেডিংয়ে দর্শনায় বাড়ছে হাতপাখার কদর, বিপাকে জনজীবন

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২২ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
লোডশেডিংয়ে দর্শনায় বাড়ছে হাতপাখার কদর, বিপাকে জনজীবন
ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা হাতপাখাই আবারও হয়ে উঠেছে মানুষের ভরসা।

বিজ্ঞাপন

তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাম ও শহর—উভয় এলাকাতেই হাতপাখার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। বৈদ্যুতিক পাখার বিকল্প হিসেবে তালপাতা, বাঁশ বা সুতোর তৈরি ঐতিহ্যবাহী হাতপাখা এখন অনেকের কাছে সহজ ও নির্ভরযোগ্য সমাধান।

দর্শনা রেলবাজারের ব্যবসায়ী সেলিম জানান, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে হাতপাখার দামও বেড়েছে। আগে ৩০-৩৫ টাকায় পাওয়া গেলেও এখন তা ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দিনে-রাতে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও গ্রামীণ পরিবারের সদস্যরা।

দর্শনা বাজারের এক বিক্রেতা বলেন, “আগে গরমের সময় কিছু পাখা বিক্রি হতো, কিন্তু এবার বিদ্যুতের সমস্যার কারণে চাহিদা অনেক বেড়েছে। প্রতিদিনই নতুন করে পাখা আনতে হচ্ছে।”

অন্যদিকে এসএসসি পরীক্ষা-র শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে। এক পরীক্ষার্থী বলেন, “রাতে পড়তে বসলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন হাতপাখা ছাড়া উপায় থাকে না। গরমে পড়াশোনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে।”

বিজ্ঞাপন

এ বিষয়ে দর্শনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ জানান, তাদের এলাকায় ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।

সব মিলিয়ে, বিদ্যুৎ সংকটের কারণে দর্শনার জনজীবন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD