Logo

আসামি গ্রেপ্তারের পর যা বললেন তনুর বাবা-মা

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২২ এপ্রিল, ২০২৬, ২০:২৩
আসামি গ্রেপ্তারের পর যা বললেন তনুর বাবা-মা
ছবি: সংগৃহীত

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো একজন আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা-বাবা। এত বছর পর কাউকে আদালতের কাঠগড়ায় দেখতে পাওয়ায় ন্যায়বিচারের আশা জেগেছে তাদের মনে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ ১০ বছর পর এই মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে আদালতে হাজির করা হলে তা নিয়ে প্রতিক্রিয়া জানান তনুর মা-বাবা।

দীর্ঘ অপেক্ষার পর প্রথম আসামি গ্রেপ্তার হওয়ায় আশা প্রকাশ করেন তনুর মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ১১ বছর পর একজন আসামি ধরা পড়েছে। আশা করছি এবার বিচার পাব। আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, আমিও তার সর্বোচ্চ শাস্তি চাই—তার ফাঁসি চাই। দেশবাসীও যেন বলতে পারে তনু হত্যার বিচার হয়েছে।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো আসামিকে কাঠগড়ায় দেখে সন্তোষ প্রকাশ করেন তনুর বাবা ইয়ার হোসেন। তিনি বলেন, ১১ বছর পর একজন আসামিকে দেখতে পেলাম, সেটাই বড় বিষয়। রিমান্ডের আবেদন করা হয়েছে। আমরা বিচার চাই, দেশবাসীও এই ঘটনার বিচার চায়।

দীর্ঘদিনের আক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, যেখানে যাই, সবাই শুধু জানতে চাইত বিচার কী হলো। আমি কিছু বলতে পারতাম না। এখন অন্তত বলতে পারবো আসামি ধরা পড়েছে। এখন দেখা যাক আদালত কী সিদ্ধান্ত দেয়। আমি আদালতের ওপর আস্থা রাখি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD