মহেশপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবির জোরদার অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে তেল পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অভিযান ও নজরদারি আরও জোরদার করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষ করে মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। গত ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরিচালিত যৌথ টাস্কফোর্স অভিযানে ৮৭ লিটার ডিজেল ও ৭ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া পেট্রোল পাম্পে তল্লাশি জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, চলতি মাসজুড়ে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আসন্ন ঈদ-উল-আযহা সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গরু পাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।








