Logo

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা, ঘাতক স্বামী পলাতক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৯ মে, ২০২৬, ১৫:০৯
কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা, ঘাতক স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা এলাকায় ভয়াবহ এক ঘটনায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি। পরে ঘাতক স্বামী ফোরকান মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) সকালে সদর ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩০), বড় মেয়ে মীম খানম (১৫), মেজ মেয়ে উম্মে হাবিবা (৮), ছোট মেয়ে ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান মিয়া পেশায় প্রাইভেটকার চালক এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতর শিশুদের পাশাপাশি লাশ পড়ে ছিল, আর শারমিনের মরদেহ পাওয়া যায় হাত-মুখ বাঁধা অবস্থায়। ঘটনাস্থলে ছিল অত্যন্ত ভয়াবহ ও হৃদয়বিদারক দৃশ্য।

ঘটনার পর পালিয়ে যাওয়ার আগে ফোরকান তার চাচাতো ভাইকে ফোনে হত্যার বিষয়টি জানান বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম ও একটি লিখিত অভিযোগের মতো নথি উদ্ধার করেছে পুলিশ, যেখানে পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের অভিযোগ উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে পিবিআই, ডিবি ও সিআইডি যৌথভাবে কাজ করছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD