Logo

রোগীদের মানসিক সাহস যোগান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ গোবিন্দ কান্তি পাল

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৯ মে, ২০২৬, ১৬:১১
রোগীদের মানসিক সাহস যোগান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ গোবিন্দ কান্তি পাল
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের মানবিক ও রোগীবান্ধব চিকিৎসক হিসেবে পরিচিতি পেয়েছেন ডাঃ গোবিন্দ কান্তি পাল। রোগীদের সঙ্গে আন্তরিক ব্যবহার, সহানুভূতিশীল মনোভাব এবং দায়িত্বশীল চিকিৎসাসেবার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন জানান, ডাঃ গোবিন্দ কান্তি পালের মধ্যে নেই কোনো অহংকার বা রূঢ় আচরণ। তিনি রোগীদের নিজের পরিবারের সদস্যের মতো দেখেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। রোগীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসা অনেকের মন জয় করেছে।

হৃদরোগ বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, হাসপাতালের বিভিন্ন বিভাগে অনেক সময় কাঙ্ক্ষিত আচরণ পাওয়া যায় না। কেউ কেউ রোগীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসবের মাঝেও মানবিকতা ও দায়িত্ববোধ দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন ডাঃ গোবিন্দ কান্তি পাল।

বিজ্ঞাপন

হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান অপু রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতা নিয়ে মন্তব্য করে বলেন, সরকারি হাসপাতালেই অনেক ভালো চিকিৎসা দেওয়া সম্ভব এবং মানুষকে অপ্রয়োজনীয়ভাবে চেম্বারের পেছনে ছুটতে হবে না।

রোগীর স্বজন ও সাংবাদিক সাইফুল তরফদার জানান, তার পিতা হৃদরোগ বিভাগে ভর্তি ছিলেন। তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় পরীক্ষা করাতে গিয়ে জটিলতার মুখে পড়লেও পরে ডাঃ গোবিন্দ কান্তি পাল আন্তরিকভাবে খোঁজ নেন এবং সহযোগিতা করেন।

আরও কয়েকজন রোগী ও স্বজন বলেন, দীর্ঘ সময় অপেক্ষা, অবহেলা ও নানা ভোগান্তির অভিজ্ঞতার মধ্যেও ডাঃ গোবিন্দ কান্তি পালের আচরণ তাদের মুগ্ধ করেছে। তাদের মতে, একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ মানবিকতা, আর সেই গুণের উজ্জ্বল উদাহরণ তিনি।

বিজ্ঞাপন

রোগীদের ভাষ্য অনুযায়ী, ডাঃ গোবিন্দ কান্তি পাল শুধু চিকিৎসাই দেন না, রোগীদের মানসিক সাহসও জোগান। তিনি ধৈর্য সহকারে রোগীর কথা শোনেন এবং স্বজনদের সঙ্গে সম্মানজনক আচরণ করেন। এতে রোগীরা তার কাছে চিকিৎসা নিয়ে স্বস্তি ও আস্থা পান।

এ বিষয়ে ডাঃ গোবিন্দ কান্তি পাল বলেন, “আমি সবসময় চেষ্টা করি রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে। রোগীর প্রতি আমার সহানুভূতি ও ভালোবাসা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে।”

বিজ্ঞাপন

রোগী ও স্বজনদের মতে, মানবিকতা, আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডাঃ গোবিন্দ কান্তি পাল একজন দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD