দাদা-দাদির পাশেই শেষ ঠিকানা হলো যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (৯ মে) বাদ আসর জানাজার নামাজ শেষে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে।
বিজ্ঞাপন
নিহত বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। পরে দুপুর দেড়টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড়ে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। সবাই শেষবারের মতো বৃষ্টিকে দেখতে ভিড় করেন।
স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী ও প্রাণবন্ত ছিলেন বৃষ্টি। পরিবারের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে সফল হয়ে দেশে ফিরবেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় এক নির্মম হত্যাকাণ্ডে।
বিজ্ঞাপন
বৃষ্টির ফুফাতো বোন জাবিন মরিয়ম বলেন, সবসময় হাসিখুশি থাকা মেয়েটিকে এভাবে হারাতে হবে, তা কখনও ভাবেননি তারা। যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের হতবাক করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা জহির উদ্দিন আকন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পরিবারের সবার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে আনন্দের সঙ্গে দেশে ফিরবে বৃষ্টি। কিন্তু সেই মেয়েই লাশ হয়ে ফিরল। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিজ্ঞাপন
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি। একই সময় নিখোঁজ হন তার সহপাঠী জামিল আহমেদ লিমনও। পরে ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টি শেরিফ অফিস জামিলের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন পর ৩০ এপ্রিল উদ্ধার করা হয় বৃষ্টির খণ্ডিত মরদেহ।
তদন্তে জানা যায়, তারা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।








