Logo

সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল আহত

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্যামনগর, সাতক্ষীরা
১১ মে, ২০২৬, ১২:০৬
সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল আহত
ছবি: সংগৃহীত

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। পরে সহকর্মী মৌয়ালদের সাহসিকতায় প্রাণে রক্ষা পান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সকাল ৮টার দিকে সুন্দরবন এর সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক গাজীর ছেলে।

স্থানীয় ও সঙ্গে থাকা মৌয়ালরা জানান, ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ লাফিয়ে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়। মুহূর্তেই অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি বাবলুকে ফেলে বনের গভীরে চলে যায়।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে নৌকাযোগে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছালে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বাবলুর পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম। হঠাৎ বন থেকে একটি বাঘ এসে আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে সবাই মিলে চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি পালিয়ে যায়। আল্লাহর রহমতে আমার ছেলে এখনও বেঁচে আছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD