সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে মাছ জব্দসহ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
রবিবার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ মাছ মজুদ ও বিক্রির অভিযোগে সোহেল নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
বিজ্ঞাপন
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। স্থানীয় মৎস্যজীবীরাও এ বিষয়ে অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছ চাষ ও বাজারে বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ। দেখতে অনেকটা রুপচাঁদা মাছের মতো হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে এটি বিক্রি করে থাকে।’
তিনি আরও জানান, অভিযানে জব্দ করা মাছ বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








