ধামরাইয়ে মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (২৩) এবং একই এলাকার শাহজাহানের ছেলে শাহীন এ হত্যার ঘটনায় জড়িত।
বিজ্ঞাপন
নিহত ফিরোজ কবির ওই এলাকার আলহাজ্ব উদ্দিনের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মাদক, ডাকাতি চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় ফিরোজ কবিরের সঙ্গে অভিযুক্তদের দেখা হলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজ কবিরকে প্রথমে কাওয়ালীপাড়া একটি হাসপাতালে ও পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ছেলে অভিযোগ করে বলেন, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে জহিরুল ও শাহীন পূর্বপরিকল্পিতভাবে চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “মাদক ব্যবসার টাকা নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ড ঘটে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”








