মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা থানা হেফাজতে

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৮ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পরে তাকে রাজনৈতিক পরিচয়ে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গেলে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে।
থানা হেফাজতে নেওয়া ৫ জন হলেন— সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।
বিজ্ঞাপন
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করছে। শনিবার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করার পর রাতে বিএনপি ও জামায়াত নেতা পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন।
আরও পড়ুন: জীবননগরে পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করায় জামায়াতের ৪ জন ও বিএনপির ১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন অনেকে।








