Logo

অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
অভয়নগর, যশোর
১০ মে, ২০২৬, ১৬:৪৬
অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু
ছবি প্রতিনিধি।

যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকের সঙ্গে যশোরগামী মহানন্দা ট্রেনের সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) বেলা ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার রহমত ওয়েব্রিজ সংলগ্ন কয়লার ডাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ আড়পাড়া নলডাঙ্গা এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি একটি অরক্ষিত রেলক্রসিং, যেখানে কোনো গেটম্যান নেই। বেলা ১২টার দিকে মনোয়ার হোসেন কয়লা লোড করার উদ্দেশ্যে দশ চাকার ট্রাক নিয়ে ডাম্প এলাকায় প্রবেশ করছিলেন। ঠিক সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী মহানন্দা ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর ট্রাকটি পাশের দিকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের যশোর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী (পথ) সুমন বসু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। অরক্ষিত ও অবৈধ রেলক্রসিংগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। যেসব স্থানে অবৈধভাবে এগুলো পুনরায় ব্যবহার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD