নাভারন-সাতক্ষীরা মহাসড়কে পণ্যবাহী গাড়ির ধাক্কায় নিহত ২

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে গিলাপোল এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে গিলাপোল এলাকার কবির ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন হোসেন শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড় এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। তুজাম্মেল হোসেন একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল আহত
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শাহিন ও তুজাম্মেল পাশের নাভারন বাজারে কাঁচামরিচ নিয়ে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে নাভারন মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত পণ্যবাহী গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।








