গাজীপুরে কিশোর চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা লুট

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক কিশোর অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) দিবাগত রাতে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শুভ (১৬)। তিনি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। শুভ পরিবারসহ গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং জীবিকার জন্য অটোরিকশা চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শুভ। এরপর রাত গভীর হলেও তিনি আর বাসায় ফেরেননি। মঙ্গলবার (১২ মে) ভোরে উজারপাড়া এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গাছা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান চালাচ্ছে।








