Logo

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২০ মে, ২০২৬, ১১:১৪
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পুরোনো আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনায় এক নম্বর আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার আগে ভোর ৫টার দিকে আরও একজন রোগীর মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর এক নম্বর আইসিইউতে ভর্তি ১৫ রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আগুন থেকে বাঁচতে গিয়ে দুই নার্সসহ পাঁচজন আহত হন। আহতরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।

আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার জানান, পুরোনো আইসিইউ ভবনের পাশের একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়লে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আইসিইউর রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একজন আগুন লাগার আগেই মারা যান এবং আরেকজন রোগী স্থানান্তরের সময় মারা যান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিচে নেমে আসেন। হাসপাতালের সামনের সড়ক ও মাঠে রোগী ও স্বজনদের জড়ো হতে দেখা যায়। আতঙ্কে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিজ্ঞাপন

তিনি জানান, চারতলা ভবনের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। ভবনের সব গেটে তালা থাকায় ভেতরে প্রবেশে শুরুতে কিছু বাধার মুখে পড়তে হয়। তালা ভেঙে প্রবেশ করে ব্যালকনি থেকে চার থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫৫ মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD