বারহাট্টায় এমপির হস্তক্ষেপে খানাখন্দভরা সড়ক সংস্কারের উদ্যোগ

নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হকের হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বারহাট্টার মনাষ-নৈহাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে বেহাল সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টার মনাষ থেকে নৈহাটি বাজার পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সোমবার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এ সড়ক ব্যবহার করে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশার বিষয়টি সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নজরে আসে। পরে তিনি দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সড়কটি সংস্কার হলে নৈহাটি বাজার, গরুর হাটসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
এ বিষয়ে এলজিইডির বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী বাতেন বলেন, “সড়কটি মেরামতের জন্য আমরা প্রাক্কলন (ইস্টিমেট) পাঠিয়েছি। আশা করছি আগামী অর্ধবছরের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।”








