পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মঞ্জু শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিজ্ঞাপন
নিহত মঞ্জু শেখ পাবনার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার ভাঁড়ারা ইউনিয়নের চর জোত কাকুরিয়াচর কলাবাগান এলাকায় পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বালু উত্তোলনের বিষয়টি দেখতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখ নিহত হন।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন। পরে পুলিশ চরের দুর্গম এলাকা থেকে ঘোড়ার গাড়িতে বেঁধে ও নৌকাযোগে নদী পার করে তাদের থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন, খাসচর বলরামপুর এলাকার মজিদ প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম এবং চর মধুপুর এলাকার মৃত ছমির খাঁর ছেলে জমির খাঁ।
বিজ্ঞাপন
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।








