Logo

মহেশপুর সীমান্তে ২ বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মালামাল আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
২৭ জুন, ২০২৬, ১৪:০০
মহেশপুর সীমান্তে ২ বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মালামাল আটক
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অভিযানে ২টি ইতালিয়ান তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকায় দায়িত্ব পালনকালে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, টহলরত অবস্থায় দুইজন অজ্ঞাত চোরাকারবারীকে সন্দেহ হলে তাদের ধাওয়া করা হয়। এ সময় চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাশের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কার্টনের ভেতর লুকানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।

উদ্ধার করা মালামাল মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচারের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। চোরাকারবারীদের অপতৎপরতা রুখতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুপুর ১২টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করা হয়।

সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD