Logo

শরণখোলায় গভীর রাতে ইজিবাইকে আগুন

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
২৭ জুন, ২০২৬, ১৭:৪১
শরণখোলায় গভীর রাতে ইজিবাইকে আগুন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ইজিবাইকে আগুন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর রায়েন্দা ইউনিয়নের ৬ নম্বর কদমতলা ওয়ার্ডে মো. এমাদুল হাওলাদারের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে তার ইজিবাইকটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তের স্ত্রী জানান, গভীর রাতে টিনে শব্দ ও পোড়া গন্ধ পেয়ে তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে তিনি দেখতে পান, ইজিবাইকটি দাউদাউ করে জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, সময়মতো টের না পেলে আগুন বসতঘরেও ছড়িয়ে পড়তে পারত। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার সময় ইজিবাইকের মালিক এমাদুল হাওলাদার পারিবারিক কাজে খুলনায় অবস্থান করছিলেন। তার ছোট ভাই ও যুবদল নেতা মো. জিয়াউল হাসান জানান, পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে তিনি ইজিবাইকটি আগুনে জ্বলতে দেখেন।

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে ইজিবাইকে আগুন দিয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে শরণখোলা থানার এসআই লোকমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দাবি, ইজিবাইকটিই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। আকস্মিক এ ঘটনায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD