Logo

ঈশ্বরদীতে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
ঈশ্বরদী, পাবনা
২৯ জুন, ২০২৬, ১৪:৪১
ঈশ্বরদীতে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষিকার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, জেলা কিন্ডারগার্টেন সভাপতি মুজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু প্রামাণিকসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনায় শিক্ষক সমাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চরগড়গড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর পুরুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ঝরণা খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে টানাটানি ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত শিক্ষিকা ঝরণা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় উজ্জ্বল মালকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD