Logo

সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২৯ জুন, ২০২৬, ১৯:১০
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক ১১০ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে কয়েক দফায় ১০ জনকে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান নিলে বিএসএফ পিছু হটে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের একটি পাটক্ষেতে অন্তত চারজনকে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ভারতের কাঁটাতারের ভেতরে ফিরে যায়। তবে মোট ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছিল বলে তাদের দাবি।

বিজ্ঞাপন

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বলেন, বিএসএফ কয়েকজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই ফিরিয়ে নেওয়া হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা হয়েছে। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার সহড়াতলা, ধলা ও কাজিপুর সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD