রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ করেছে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ড্যাফোডিল রেজিস্টার্ড কিন্ডারগার্টেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ২০০টি পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বৃক্ষপ্রেমী মো. সাজু আহমেদের ঘোষিত ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, খাসজমি এবং জনবসতিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।








