দিনাজপুরের আলোচিত পিতা-পুত্র হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার আলোচিত মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) র্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা হলেন চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের মৃত শহিদুল হক দুলুর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ মে সকালে নিজ জমির ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুল ইসলামের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেকুল বল্লম ও ছুরি দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই শহিদুল হক দুলু নিহত হন।
বিজ্ঞাপন
বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে সৎভাই কাবিলও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান (হাবিল) বাদী হয়ে চিরিরবন্দর থানায় সৎভাই, সৎমা ও অন্য সহযোগীদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১৩ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে সোমবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে প্রধান আসামি সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ৯টা ১০ মিনিটে ইপিজেড থানার হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনালের সামনে থেকে পৃথক অভিযানে সাকিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।








