Logo

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩০ জুন, ২০২৬, ১৮:০২
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা মৌলভীবাজার শহর ও জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল, সীমান্তে পুশইন, অবৈধ ও বেপরোয়া যান চলাচল, বিকট শব্দে সাইরেন ব্যবহার করে শব্দদূষণ, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মহড়া, ফটকা ফোটানো, ইভটিজিং, আলোচিত হত্যা মামলার অগ্রগতি, চুরি-ডাকাতি-ছিনতাই, কিশোর গ্যাং, রাতের আড্ডা, অনলাইন জুয়া, মাদক, যানজট, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং আরও কার্যকর করার বিষয়েও সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ দেন।

সাংবাদিকদের বক্তব্য শুনে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসিফ মহিউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) নোবেল চাকমা।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বকশী মিছবাহ উর রহমান, নজরুল ইসলাম মুহিব, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD