টেকনাফ সীমান্তে ফের আতঙ্ক, মিয়ানমার থেকে বিস্ফোরণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১ জুন) রাত ৯টার পর থেকে সীমান্তের ওপার মিয়ানমার থেকে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে যুদ্ধবিমানের শব্দও শোনা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, রাত ৯টার পর থেকেই ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে শাহপরীরদ্বীপসহ আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিজ্ঞাপন
টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ দিলু বলেন, কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফ পর্যন্ত স্পষ্ট শোনা গেছে। নাফ নদীর দিক থেকে মাঝেমধ্যে আগুনের ঝলকানিও দেখা যাচ্ছে, যা কিছুক্ষণ পর আবার নিভে যাচ্ছে। এতে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয়দের ভাষ্য, পরিস্থিতির কারণে অনেকেই ঘর থেকে বের হয়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের দাবি, রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত মিয়ানমারের বিমান বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত ২৭টি বোমা বর্ষণ করেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ডিসেম্বর মাসে টেকনাফ সীমান্ত এলাকায় একই ধরনের বিস্ফোরণের শব্দ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা সীমান্তবর্তী জনপদে ব্যাপক উদ্বেগের জন্ম দেয়।








