প্রাইভেটে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ বান্ধবী, সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে গোয়াইনঘাটগামী বাসের অপেক্ষায় থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ টানা অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় গিয়েছিল। পরে তারা সিলেটে পৌঁছায়। পুলিশের ধারণা, একটি মানবপাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে চার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তাদের উদ্ধারে অভিযান চালায়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে প্রাইভেট শিক্ষক ও বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন তারা সেখানে উপস্থিতই হয়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বিজ্ঞাপন
স্বজনদের দাবি, চার শিক্ষার্থীর কারো সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। তারা নিয়মিত বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াত করত। তাই তাদের হঠাৎ একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে। এর পেছনে মানবপাচারকারী কোনো চক্র জড়িত আছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন








