Logo

তিনশ বছরের ঐতিহ্যের সাক্ষী বেলাবো জামে মসজিদ, ভিড় মুসল্লি-দর্শনার্থীদের

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
১ জুলাই, ২০২৬, ১৬:৫৭
তিনশ বছরের ঐতিহ্যের সাক্ষী বেলাবো জামে মসজিদ, ভিড় মুসল্লি-দর্শনার্থীদের
ছবি: সংগৃহীত

ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন ও তিনশ বছরের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে নরসিংদীর বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। ইতিহাস, সৌন্দর্য ও ধর্মীয় আবেগের মেলবন্ধনে মসজিদটি এখন শুধু স্থানীয় মুসল্লিদের নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ইতিহাসবিদদের মতে, বাংলার শাসক ঈশা খাঁর জমিদারি আমলের পরবর্তী সময়ে জমিদারদের একজন দেওয়ান আয়েশা খানম বেলাবো এলাকায় খাজনা আদায়ে আসতেন। জনসাধারণের সুবিধার জন্য তিনি এখানে একটি কুয়া নির্মাণ করেন এবং পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় তিনশ বছর আগে সাতটি গম্বুজের সমন্বয়ে নির্মিত হয় ঐতিহ্যবাহী এই মসজিদ।

কালের বিবর্তনে পুরোনো স্থাপত্যের সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে গেলেও ঐতিহ্য ধরে রাখতে পরবর্তীতে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে পুরোনো ঐতিহ্যের সমন্বয়ে নতুন রূপে গড়ে ওঠে বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

বিজ্ঞাপন

স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে, একসময় মসজিদের ভেতর থেকে অলৌকিকভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এরপর থেকেই এটি এলাকায় ‘ফজিলতের মসজিদ’ হিসেবে পরিচিতি লাভ করে। বেলাবো ছাড়াও পার্শ্ববর্তী কুলিয়ারচর ও মনোহরদী উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন।

মসজিদটির ধারণ ক্ষমতা বর্তমানে প্রায় ১ হাজার ২০০ জন হলেও জুমার নামাজ ও রমজান মাসে তারাবির সময় মুসল্লির সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তখন ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতী সন্তান ও থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্যোগ ও অর্থায়নে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু হয় ২০০৬ সালে। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষে ২০০৮ সালে এটি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বর্তমান মসজিদটি আধুনিক ইসলামিক স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। বিশাল গম্বুজ, উঁচু মিনার, দৃষ্টিনন্দন কারুকার্য ও প্রশস্ত প্রাঙ্গণ মসজিদটির সৌন্দর্য বাড়িয়েছে। মসজিদের সামনে রয়েছে পুকুর এবং দক্ষিণ পাশে রয়েছে এতিমখানা ও মাদরাসা, যা পুরো স্থাপনাটিকে দিয়েছে পূর্ণতা।

ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামাজিক কর্মকাণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে নিয়মিত ধর্মীয় শিক্ষা, দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি দরিদ্রদের সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন

ঐতিহাসিক গুরুত্ব ও নির্মাণশৈলীর কারণে মসজিদটি এখন পর্যটকদের কাছেও আকর্ষণীয় স্থান। উয়ারী-বটেশ্বরের মতো ঐতিহাসিক স্থানের কাছাকাছি হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ আরও বেড়েছে।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ইসলামি স্থাপত্য ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য ধরে রাখতে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা সহযোগিতা করে যাচ্ছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD