ফটিকছড়ি উত্তর উপজেলার সদর নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ভৌগোলিক ও জনসেবার দিক বিবেচনায় উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হেয়াঁকো এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন ছিল। বক্তারা বলেন, নতুন উপজেলার সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য স্থানে প্রশাসনিক সদর স্থাপন করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কের হেয়াঁকো এলাকায় অবস্থান নেন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল আহমদ ভূঁইয়া বলেন, ১/১১-এর সময় দক্ষিণাঞ্চলের নেতাদের প্রভাবে ভূজপুরে থানা স্থাপন করা হয়েছিল। এবারও একইভাবে নতুন উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সেখানে সদর স্থাপন করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পরে নতুন কর্মসূচি ঘোষণার আশ্বাস দিয়ে দিনের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।








