Logo

সরকারি সাইকেল নাতনিকে উপহার: সমালোচনায় ফেরত দিলেন জামায়াতের আমির

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২ জুলাই, ২০২৬, ২০:৪৯
সরকারি সাইকেল নাতনিকে উপহার: সমালোচনায় ফেরত দিলেন জামায়াতের আমির
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি একটি সাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে সেটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দিয়েছেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বুধবার উপজেলা পরিষদ চত্বরে ২৪টি সাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের উপস্থিতিতে এসব সামগ্রী উপকারভোগীদের মধ্যে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এক মাদ্রাসাছাত্রীর নামে বরাদ্দ থাকা একটি সাইকেল তাজুল ইসলাম নিজেই গ্রহণ করেন এবং পরে তা তার নাতনি মারিয়ার হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে বুধবার দুপুরে সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়া হয়।

এরপর উপজেলা প্রশাসন সরকারি নীতিমালা অনুযায়ী সাইকেলটি প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, তার ছেলে বেকার এবং পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি সাইকেলটি নাতনিকে দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেটি ফেরত দিয়েছেন।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, সাইকেল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সেটি ফেরত নেওয়া হয়। পরে প্রকৃত উপকারভোগীর কাছে সাইকেলটি হস্তান্তর করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD