জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








