Logo

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাহুবল, হবিগঞ্জ
৪ জুলাই, ২০২৬, ১২:৩৬
বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বাদেবামই গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রিম্পা চক্রবর্তী উপজেলার বাদেবামই গ্রামের শ্রী বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং মৃত মতিলাল চক্রবর্তীর পুত্রবধূ। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাহুবল মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD