রাঙামাটিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মারী স্টেডিয়ামের প্রধান গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু (৩৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, এক সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে মাদক পাচার হতো। এখন পাচারকারীরা তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকাকে তুলনামূলক নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাঙামাটি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








