Logo

শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৪ জুলাই, ২০২৬, ১৫:১৮
শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: প্রতিনিধি

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও রোগীবান্ধব করে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে স্বাস্থ্যকেন্দ্রের খালি জায়গায় মোট ১১টি ফলজ গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি নারিকেল ও ২টি মাল্টা গাছ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) কৃষ্ণা সূতার, শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হক, ইউপি সচিব মো. দেলোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে পুরো উপজেলাজুড়েই এ কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের পাশে থাকা ছোট ডোবাটি দ্রুত ভরাট করা হবে। সেখানে বাগান তৈরি এবং সেবাগ্রহীতাদের বসার জন্য উন্নত ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD