আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন, ঝুঁকিতে শিবচরের ‘লিটন চৌধুরী’ সেতু

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল-শিবচর সড়কে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘লিটন চৌধুরী’ সেতুর পশ্চিম প্রান্তে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। সেতুর একটি পিলার ও সংযোগ সড়কের খুব কাছাকাছি ভাঙন পৌঁছে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৫০ মিটার দীর্ঘ সেতুটি ২০২৩ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে কয়েক বছরের মধ্যেই আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো।
বর্তমানে সেতুর পশ্চিম প্রান্তের দক্ষিণ পাশে নয়াবাজারসংলগ্ন এলাকায় তীব্র ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়ে নদীতীরে ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, গত বর্ষায় একই এলাকায় প্রায় ২০০ মিটার নদীতীর বিলীন হয়েছিল। এবারও বর্ষার শুরুতেই নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন আবারও শুরু হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, বর্তমানে ভাঙন সেতুর একটি পিলারের প্রায় ১০০ ফুটেরও কম দূরত্বে পৌঁছে গেছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সেতু ও সংযোগ সড়ক ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয় বাসিন্দা শাহআলম সরদার বলেন, গত বর্ষায়ও সেতুর নিচের অংশে ব্যাপক ভাঙন হয়েছিল। এবারও একইভাবে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের আগে বা পরে প্রয়োজনীয় নদীশাসন (রিভার ট্রেনিং) ও স্থায়ী গাইড বাঁধ নির্মাণ না করায় প্রতিবছর বর্ষায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে।
বিজ্ঞাপন
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ করে সেতু, সংযোগ সড়ক এবং নয়াবাজার এলাকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, বিষয়টি জেনেছি। নদীভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।








