চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কথিত পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় প্রতিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা বিজিবির সতর্কতায় প্রতিহত হয়েছে বলে জানিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পরিচালিত বর্ডার সিকিউরিটি লাইট কিছু সময়ের জন্য বন্ধ ছিল। একই সময়ে সেখানে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির অবস্থানের তথ্য পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি দাবি করে, প্রায় ১২ জন ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিলেন। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান নেন।
বিজ্ঞাপন
বিজিবির ভাষ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশে নিয়ে যায়।
আরও পড়ুন: জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। স্থানীয় জনগণের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সরিয়ে নেওয়ার তথ্য বিজিবির বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








