Logo

ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে রুহিয়ায় সংবাদ সম্মেলন

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
৪ জুলাই, ২০২৬, ১৬:০৩
ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে রুহিয়ায় সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্বাস আলী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, তার ও পরিবারের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্বাস আলী জানান, গত ২৯ জুন পাটিয়াডাঙ্গী বাজারে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত একটি মাদকবিরোধী আলোচনা সভায় ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন (হাজী রিপন) তার ও পরিবারের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

তিনি আরও অভিযোগ করেন, ওই বক্তব্যের ভিত্তিতে ‘হিমালয়ের পাশে’ নামে একটি ফেসবুক পেজে কোনো ধরনের তথ্য যাচাই বা তার পরিবারের বক্তব্য না নিয়েই একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হয়, যা তাদের সামাজিকভাবে হেয় করেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আব্বাস আলী বলেন, আমি ও আমার পরিবারের কোনো সদস্য কখনোই মাদক ব্যবসা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। দীর্ঘদিন ধরে আমরা সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, অভিযোগকারী আমিনুর রহমান রিপন পরবর্তীতে একটি ফেসবুক লাইভে এসে তার আগের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন। এতে অভিযোগের অসত্যতা প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের উদ্দেশে আব্বাস আলী বলেন, সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার। অন্যথায়, মানহানি ও অপপ্রচারের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ সংবাদটি সংবাদ সম্মেলনে মো. আব্বাস আলীর দেওয়া বক্তব্য ও দাবির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজ বা অভিযুক্ত ব্যক্তির তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD