Logo

গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৪ জুলাই, ২০২৬, ২২:০১
গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি সম্পর্কে চাচাতো বোন এবং তারা খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে তিন শিশু গোসল করতে পুকুরে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা পানির ওপর ভেসে না উঠলে পরিবারের এক ছোট সদস্য বিষয়টি স্বজনদের জানায়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD